রাজধানীতে পেশাগত ক্ষেত্রে সফল নারীদের 'গ্লোবাল মেন্টরিং ওয়াক' এর ব্যানারে র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বারিধারার লেক পার্কে বাংলাদেশে প্রথমবারের মত এই র্যালির আয়োজন করা হয়। যেসব নারী নিজ নিজ পেশায় সফল হয়েছেন এবং অন্যান্য নারীদের কর্মক্ষেত্রে সফলতা পেতে সহায়তা করছেন তারা 'গ্লোবাল মেনটরিং ওয়াক' শিরোনামের র্যালিতে যোগ দেন। র্যালিটির আয়োজনে সহায়তা করে বিজ ডিভাস ফাউন্ডেশন, গ্লোবাল নেটওয়ার্কিং ফাউন্ডেশন ফর উইমেন, আলটাভিস, ভাইটাল ভয়েসেস, এইচএসপিপি কনসালটেন্ট লিমিটেড ও মাইক্রোসফট।
৫৬তম দেশ হিসেবে বাংলাদেশে ও ৭২তম শহর হিসেবে ঢাকায় এই র্যালি অনুষ্ঠিত হল। পুরো অনুষ্ঠানটি ছিল সফলদের অভিজ্ঞতা বিনিময় ও নবীনদের অনুপ্রেরণা যোগানোর চেষ্টা।
IMG0
'আমারা পেশা জীবনে প্রবেশ করা নারীদেরকে আমাদের বাস্তব অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যারা কিনা নিজেদের দক্ষতার ওপর ভর করে শীর্ষে পৌছাতে চায়'- বলেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবীর।
তিনি আরো বলেন, 'আমাদেরকে পুরুষ শাষিত একটি সমাজে টিকে থাকার জন্য লড়তে হচ্ছে যেখানে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক বাধার মুখোমুখি হতে হয় একজন নারীকে। এই অবস্থায় একজন নারীকে অবশ্যই তার সক্ষমতার ও আত্মবিশ্বাসী হতে হবে যেন সমাজের বিরূপ দিকগুলোর সাথে লড়াই চালিয়ে যাওয়া যায়।'
মোট ৫৫ জন নারী এই র্যালিতে অংশগ্রহণ করে। ২০০৮ সাল থেকে ৫০ টিরও বেশি দেশে হাজারেরও অধিক নারী এই অনুপ্রেরণামূলক কর্মসূচীতে অংশ নিয়েছে।
