টানা চার কর্মদিবস ধরে পুঁজিবাজারে দরপতন হচ্ছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক ৫৮ পয়েন্ট কমেছে। এতে সূচক নেমে এসেছে সাড়ে চার হাজারের নিচে।
এদিকে আজ বাজারে লেনদেনকৃত ৩০৬টি কোম্পানির মধ্যে ৭৭ শতাংশ কোম্পানিরই শেয়ারদর কমেছে। বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসইতে দর হারানোর শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টিই ব্যাংকিং খাতের।
ব্যাংকগুলো হচ্ছে- ট্রাস্ট ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক।
এর মধ্যে ট্রাস্ট ব্যাংকের শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৭ শতাংশ। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৫২ শতাংশ। তবে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে উঠে এসেছে ব্যাংকিং খাতের এসাইবিএল।
তথ্যে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৪৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
আর ডিএস-৩০ মূল্য সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮৯ কোটি ৭১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৫ কোটি ৯৮ লাখ টাকা বেশি।
লেনদেনকৃত ৩০৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৫৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৭০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২২ কোটি ৬৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৪৫টির কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের।
এদিকে ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এজন্য উভয় পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। আগামীকাল বুধবার থেকে যথারীতি লেনদেন শুরু হবে।
