হরতাল-অবরোধে বাজেটের অর্ধেক ক্ষতি: এফবিসিসিআই সভাপতি

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ২০:৫০
 
 
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেছেন, ‘চলমান হরতাল-অবরোধে যে আর্থিক ক্ষতি হয়েছে তা চলতি অর্থবছরের (২০১৪-১৫) বাজেটের অর্ধেকেরও বেশি।’
 
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনলাইন নিউজ পোর্টাল টাইমওয়াচ আয়োজিত ‘অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতার প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘দেশের অর্থনীতি ধ্বংস হলে দেশ ধ্বংস হয়ে যাবে। তাই একটি চক্র অর্থনীতিকে ধ্বংসের পাঁয়তারা করছে। হরতাল-অবরোধে চলতি অর্থবছরের (২০১৪-১৫) বাজেটের অর্ধেকেরও বেশি আর্থিক ক্ষতি হয়েছে, যে ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়।’ কাজী আকরাম বলেন, ‘মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করার পর ব্যবসায়ীরা আজ ক্লান্ত হয়ে পড়েছে। আমরা আজ ভাগ্যাহত, আশাহত। আমরা ভেঙে পড়েছি। সমাধানের কোনো পথ খুঁজে পাচ্ছি না। তাই আজ আমরা কান্না শুরু করেছি।’
 

অনুষ্ঠানে অ্যামচেম সভাপতি আফতাব উল ইসলাম, রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলমীন, পর্যটন অ্যাসোসিয়েশনের সভাপতি জামিউল আহমেদ, এসএমই ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলী জামান প্রমুখ উপস্থিত ছিলেন।