ঢাবিতে ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৩

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ২২:২৯
 
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথক পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুই কনস্টেবলসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন-কনস্টেবল সিদ্দিক মিয়া ও ইসহাক আলী এবং রিক্সাচালক আবু কালাম (৫০)। এদের মধ্যে কনস্টেবল সিদ্দিক মিয়ার বুকে স্প্লিন্টার লেগেছে। এদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. ওহিদুজ্জামান জানান, সোমবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিন্টিং প্রেসের সামনে দুর্বৃত্তরা পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটালে সাদা পোশাকে থাকা নীলক্ষেত পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবল আহত হন। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে সন্ধ্যা সাতটার দিকে টিএসসিতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে এক রিক্সাচালক আহত হন। সেখানে উপস্থিত লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।