বিএনপি জোটের টানা ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন গতকাল সোমবারও নগরবাসীর জীবনযাত্রা ছিল একেবারেই স্বাভাবিক। রাজধানীতে হরতাল-অবরোধের কোন প্রভাব ছিল না। সকাল থেকেই গণপরিবহন, প্রাইভেট কার, বিমান, ট্রেন, লঞ্চ ও দূরপাল্লার রুটে বাস চলাচল করেছে। অধিকাংশ সড়কে দীর্ঘ যানজট দেখা গেছে। শপিংমল ও দোকানপাটগুলোতেও ছিল ভিড়। অফিস-আদালত, কলকারখানা ছিল খোলা। রাজপথের কোথাও হরতাল আহ্বানকারীদের দেখা মেলেনি। তবে হরতালবিরোধী মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে রাজপথে সরব ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাশকতা ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেয়। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ কনস্টেবল সিদ্দিকুর রহমান (৪০) আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে হাতবোমা বিস্ফোরিত হয়। এতে আবু কালাম (৫৮) নামক এক রিকশা চালক আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
