লাফার্জ-হোলসিম এক হওয়া নিয়ে সংশয়

আপডেট : ১৭ মার্চ ২০১৫, ১৮:১৩
 
বিশ্বের শীর্ষস্থানীয় দুই সিমেন্ট কোম্পানি লাফার্জ ও হোলসিম একীভূত হওয়ার প্রক্রিয়া নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। হোলসিম জানিয়েছে—কোম্পানিটির বর্তমান কাঠামো অনুসারে ফরাসি কোম্পানি লাফার্জের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া চালিয়ে যাওয়া সম্ভব নয়। মূলত হোলসিমের এ ঘোষণার কারণে বিশ্বের সিমেন্ট খাতের ‘মেগা মার্জার’ হিসেবে আলোচিত এ প্রক্রিয়া নিয়ে সংশয় সৃষ্টি হলো। গত বছরের এপ্রিলের ঘোষণা অনুযায়ী কোম্পানি দুটি এক হলে বিশ্বজুড়ে তাদের সমন্বিত বিক্রির পরিমাণ দাঁড়াবে চার হাজার কোটি ডলার। বাংলাদেশের বাজারেও কার্যক্রম রয়েছে কোম্পানি দুটির। এর মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে লাফার্জ সুরমা। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে—গত সোমবার হোলসিমের পরিচালনা পর্ষদ আগের চুক্তি অনুযায়ী একীভূত হওয়ার বিপক্ষে অবস্থান নেয়ার কথা জানিয়েছে। এ পরিপ্রেক্ষিতে লাফার্জ কর্তৃপক্ষ একীভূত হওয়ার বিষয়ে আন্তরিক বলে জানিয়েছে। তবে বিদ্যমান চুক্তির কোনো শর্ত পরিবর্তন করা হবে না বলেও জানিয়েছে। এ দিকে, গত বছরের এপ্রিলের ঘোষণা অনুযায়ী লাফার্জের শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে একটি করে হোলসিম শেয়ার পাবেন। কিন্তু ওই সময়ের পর থেকে লাফার্জের শেয়ারের চেয়ে হোলসিমের  শেয়ারের দাম অনেক বেড়ে গেছে। এ পরিস্থিতিতে হোলসিম নতুন করে শেয়ার বিনিময়ের বিষয়ে আলোচনা করতে চায়। একই সঙ্গে কোম্পানি পরিচালনার বিষয়েও কথা বলতে চায় হোলসিম কর্তৃপক্ষ। উভয় কোম্পানির মধ্যে সমান অংশীদারিত্বের ভিত্তিতে একীভূতকরণের চুক্তি হয়েছিল।
গত বছর ঘোষণা দেয়া হয়েছিল—একীভূত হওয়ায় ৬০ বিলিয়ন ডলারের নতুন এ কোম্পানিতে হোলসিমের  শেয়ারহোল্ডারদের ৫৩ শতাংশ ও লাফার্জের শেয়ারহোল্ডারদের ৪৭ শতাংশ অংশীদারিত্ব থাকবে।