বাংলাদেশে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের ‘নিখোঁজ’ হওয়াসহ অতীতের গুমের ঘটনাগুলোর স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির পক্ষ থেকে গতকাল বুধবার দেয়া এক বিবৃতিতে বলা হয়, বিরোধী দলের সদস্য নিখোঁজের ঘটনা তদন্তে ব্যর্থ হওয়ার ইতিহাস রয়েছে সরকারের। সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার ঘটনা অবিলম্বে স্বাধীনভাবে তদন্ত করা প্রয়োজন।
এইচআরডব্লিউর এশীয় পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ অনেক নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত করলেও সরকারের পক্ষ থেকে এমন অনেক ঘটনারই কোনো রকম তদন্তের প্রমাণ নেই। জনগণের কাছে সরকার অঙ্গীকার করলেও এসব ঘটনায় সম্পৃক্ততার দায়ে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যকে ধরা হয়নি। তিনি বলেন, সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজ হওয়ার ঘটনাটি আরো বড় একটি নিয়মের অংশ হয়ে উঠেছে। দুর্ভাগ্যবশত এসব ঘটনায় সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করা এবং এসব ঘটনা তদন্তে অর্থবহ কোনো পদক্ষেপ না নেয়াও নিয়মের অংশে পরিণত হয়েছে।
