পাকিস্তানে বিমান হামলায় ৩৪ জঙ্গি নিহত

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ০৯:৪৩



পাকিস্তানে বিমান হামলায় ৩৪ জঙ্গি নিহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের আফগান সীমান্তের কাছে এ বিমান হামলা চালানো হয়। সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।
পাকিস্তানের খাইবার অঞ্চলের তিরাহ উপত্যকায় যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানো হয়। এসময় স্থানীয়রা বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যায়। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, নিহতরা পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি) এবং লস্কর-ই-ইসলামের সদস্য। গতকাল বুধবার দেশটির পেশোয়ারে এক হামলায় ক্ষমতাসীন দলের নেতাকে হত্যা করে টিটিপি। টিটিপি এক বিবৃতিতে দাবি করে, তাদের লক্ষ্য ছিল খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সাবেক সরকার আওয়ামী ন্যাশনাল পার্টির সদস্যদের হত্যা করা, মুসলিম লীগের (এমএল-এন) কাউকে নয়। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তারা তথ্য পেয়েছিলেন যে, তালেবানের প্রধান মাওলানা ফজলুল্লাহ ওই এলাকায় ছিলেন। সেই তথ্যের ভিত্তিতেই সেখানে বিমান হামলা চালানো হয়।