মানিকগঞ্জে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ১২:৪৭


মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আখিনুল (১৮) নামে এক যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার উপজেলার তিসুন্দী এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের পর পালানোর সময় দুইজনকে আটক করা হয়েছে।
নিহত  আখিনুল দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের সাবেক ইউপি মেম্বার আব্দুস সোবাহানের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইমরান হোসেন (১৮) ও ঢাকার সাভার উপজেলার ভাটপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে ছানোয়ার হোসেন (২০)।
আখিনুলের বড় ভাই জুলহাস উদ্দিন জানান, বুধবার রাতে নয়টার দিকে পারুলিয়া হাট-বাজার থেকে দুই যাত্রী নিয়ে আখিনুল পার্শ্ববতী তিসুন্দী খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বৃহস্পতিবার সকালে ঐ খেয়াঘাটের পাশে একজনের গলা কাটা লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে আখিনুলের পরিচয় নিশ্চিত করে।
শিবালয় থানার ওসি রকিবুজ্জামান জানান, ঐ দুইজন রাতে নৌকায় পার হয়ে বাজাজ প্লাটিনা মোটরসাইকেলে (অনটেষ্ট) জাফরগঞ্জ হাট-বাজার দিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। হত্যাকান্ডের বিষয়ে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।