বিশ্বব্যাংকের ২০ কোটি ডলার ঋণ অনুমোদন

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ১৯:৩৬
 
‘নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রকল্পে ২০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মাধ্যমে সোস্যাল ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রজেক্ট-২ এর আওতায় ৩২০০ গ্রামসহ, প্রকল্পটি ১২ জেলার আরো ২৫০০ নতুন গ্রামে বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে আরো উল্লেখ করা হয়েছে, এ প্রকল্পের মাধ্যমে ২১টি জেলার দরিদ্রতম উপজেলার প্রায় ৫০ লাখ দরিদ্র মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন হবে।
 
প্রকল্পে ছোট ছোট গ্রামীণ অবকাঠমোর জন্যও অর্থায়ন করা হবে। উন্নত জীবিকার সুযোগ সৃষ্টি ও অংশীদারিত্বমূলক ব্যবসার সাহায্যে বাজারে প্রবেশের সুযোগ দেয়ার মাধ্যমে এই প্রকল্প গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন ঘটাবে।
 
এছাড়া প্রকল্পটি পুষ্টি সচেতনতা বৃদ্ধি, কৃষি বিষয়ক জ্ঞান সম্প্রসারণ এবং যুব কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর জোর দিবে।
 
এবিষয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট বলেন, ‘দারিদ্র্য নিরসনে বাংলাদেশের অর্জন প্রশংসনীয়।
 
 তিনি বলেন, গত দশকে ১ কোটি ৬০ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। তারপরও প্রায় ৪ কোটি ৭০ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করে, যা উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এদের বেশিরভাগই থাকে গ্রাম এলাকায়’।
 
পূর্বসুরী প্রকল্পটি প্রথম ২০০৩ সালে ক্ষুদ্র পাইলট প্রকল্প হিসাবে বাংলাদেশের দুইটি দরিদ্রতম জেলায় শুরু হয়েছিল যা পর্যায়ক্রমে আরো ১৪ জেলায় সম্প্রসারিত হয়। বিশ্ব ব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সী (আইডিএ) হতে প্রাপ্ত সুদ-মুক্ত ঋণের মেয়াদ ৬ বছরের রেয়াতসহ ৩৮ বছর এবং সার্ভিস চার্জ ০.৭৫% ।