চিতলমারীতে ২ বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ২

আপডেট : ২১ মার্চ ২০১৫, ১২:৩২
বাগেরহাটের চিতলমারী উপজেলায় একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের গুলিতে স্বাস্থ্য সহকারীসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার চরবানিয়ারি ইউনিয়নের গরীবপুর গ্রামের এ ডাকাতির ঘটনা ঘটে। আহতরা হলেন, চিতলমারী উপজেলার গরীবপুর গ্রামের শততম কুমার মন্ডলের স্ত্রী পরিবার পরিকল্পনা স্বাস্থ্য পরিদর্শিকা স্নেহলতা রানা (৩৫) ও প্রতিবেশী হোমিও চিকিৎসক সুকেন মন্ডল (৫৫)।
পুলিশ ও আহতদের পরিবার জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ৬/৭ জনের একদল ডাকাত প্রথমে শততম কুমার মন্ডলের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে  সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে চার ভরি স্বর্ণালংকার ও ১৪ হাজার টাকা লুটে নেয়। এ সময় বাধা দিলে ডাকাতরা গুলি ছোড়ে। এতে পরিবার পরিকল্পনা স্বাস্থ্য পরির্দশিকা স্নেহলতা রানা (৩৫) বুকে গুলিবিদ্ধ হন। 
অপরদিকে প্রতিবেশী হোমিও চিকিৎসক সুকেন মন্ডলের ঘরের জানালা ভেঙ্গে ঢুকে একইভাবে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা দুই ভরি স্বর্ণালংকার ও ১০ হাজার টাকা লুটে নেয়। পরে ডাকাতদের গুলিতে সুকেন মন্ডল আহত হন। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।