বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বনাম ভারত ম্যাচে আম্পায়ারদের পক্ষপাতমূলক রায়ের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রিকেট প্রেমী শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এই কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে পাকিস্তানী আম্পায়ার আলীম দার এবং ইংল্যান্ডের আম্পায়ার ইয়ান গোল্ডের কুশ পুত্তলিকা দাহ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এর আগে কর্মসূচির শুরুতে তারা ‘ক্রিকেটের অনিয়ম, মানি না, মানবো না’ স্লোগানে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়েল কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাহফুজ মুন্না বলেন, বাংলাদেশ বনাম ভারতের ম্যাচে আম্পায়াররা বাংলাদেশের বিপক্ষে খেলা পরিচালনা করে বাংলাদেশকে পরিকল্পিতভাবে হারিয়েছে। আমরা আইসিসি’র এ রকম পক্ষপাতমূলক আচরণ আশা করি না। এ মানববন্ধন থেকে তিনি আম্পায়ারদের সুষ্ঠু বিচারের দাবি করেন এবং ক্রিকেট কাউন্সিলকে স্বচ্ছ ও নিরপেক্ষ খেলা পরিচালনা করার জন্য আহ্বান জানান।
