বহুজাতিক কোম্পানি হোলসিম ও লাফার্জের একীভূতকরণে আর কোনো বাধা নেই। শুক্রবার বিশ্বের বৃহৎ এই দুই কোম্পানির যৌথ বিবৃতিতে এটি বলা হয়েছে। গত বছরের এপ্রিল মাসে কোম্পানি দুটি একীভূতকরণের ঘোষণা দিলেও গেল সপ্তাহে কিছু বিষয়ে মতানৈক্য দেখা দেয়। ফলে একীভূতকরণ প্রক্রিয়া জটিল হয়ে উঠে। তবে গত শুক্রবার দুই কোম্পানি একীভূতকরণের ব্যাপাকের ঐকমত্যে পৌঁছে চুক্তি সম্পন্ন করেছে উভয় কোম্পানি কর্তৃপক্ষ। নতুন চুক্তি অনুযায়ী একীভূত হওয়ার পর কোম্পানিটির মূলধন হবে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। কোম্পানির প্রধান কর্মকর্তা নিয়ে যে মতানৈক্য ছিল তারও কিছুটা সমাধান হয়েছে বলে জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লাফার্জের প্রধান নির্বাহী ব্রুনো ল্যাফন্ট একীভূত কোম্পানির প্রধান থাকবেন না। এর পরিবর্তে তিনি ও হোলসিম চেয়ারম্যান উল্ফগাং রিটজল কোম্পানির অনির্বাহী কো-চেয়ারম্যান হিসেবে থাকবেন। তবে নবগঠিত কোম্পানির প্রধান নির্বাহীর নাম প্রস্তাব করবে লাফার্জ। এ ছাড়া নতুন চুক্তি অনুযায়ী লাফার্জের ১০টি শেয়ারের মান হবে হোলসিমের ৯টি শেয়ারের সমান। আগের চুক্তি অনুযায়ী উভয় কোম্পানির শেয়ারের মান ছিল সমান।
