পাকিস্তানের দু’টি চার্চে বোমা হামলা ও ভারতের রানাঘাটে ব্রতধারী সিস্টারকে গণধর্ষণের সঙ্গে জড়িত নরপশুদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন নেতারা।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন অায়োজিত এক মানববন্ধনে এমন দাবি করা হয়।
বক্তারা বলেন, পাকিস্তানের দু’টি চার্চে বোমা হামলায় অনন্ত ১৫ জন নিরপরাধ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে হত্যা এবং কমপক্ষে ৭৮ জন মানুষকে অাহত করা হয়েছে। এদিকে, ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাটে কনভেন্ট অব জেসাস অ্যান্ড মেরিস্ স্কুলের ৭৪ বৎসর বয়সী এক ব্রতধারী সিস্টারকে গণধর্ষণ করা হয়েছে। যেভাবে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে হত্যা ও গণধর্ষণ করা হচ্ছে তাতে অামরা গভীরভাবে উদ্বিগ্ন। তাই এই জঘন্যতম অপরাধের সঙ্গে যুক্ত অপরাধীদের অতি দ্রুত গ্রেফতার করে শাস্তির বিধান নিশ্চিত করতে হবে।
