মাগুরা সদর উপজেলার মঘীর ঢাল এলাকায় গতকাল শনিবার রাতে ট্রাকে পেট্রোল বোমা হামলায় ৯ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের আশংকাজনক অবস্থায় রাত সোয়া ৮ টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন :আরব আলী, ইমরান, ফারুক, নাজমুল, নওশের, রওশন, মতিন, শাকিল ও ইয়াদুল। তাদের সকলের বাড়ি সদর উপজেলার মালিকগ্রামে।
অগ্নিদগ্ধ মতিন জানান, সন্ধ্যার পর শালিখার আড়পাড়া এলাকায় বালু নামিয়ে তারা ট্রাকে করে মাগুরা ফিরছিলেন। পথে রাস্তার পাশ থেকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে গোটা ট্রাকে আগুন ধরে গেলে তারা সকলেই দগ্ধ হন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক দেবাশীষ বিশ্বাস জানান, আগুনে ৯ জনের শরীরের ৬২ থেকে ৮২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের কেউই আশংকামুক্ত নন। মাগুরা সদর হাসপাতালে যেহেতু বার্ন ইউনিট নেই, তাই প্রাথমিক চিকিত্সা দিয়ে তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হবে।
