নগরীর আকবরশাহ থানা এলাকার নিউমনসুরাবাদ বাগানবাড়ি আবাসিকের এনআর গেইটের একটি বাসা থেকে সোমবার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নেতা এরশাদ হোসেন মামুনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সকালে এক অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-শস্ত্রসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় তার বাসা থেকে গ্রেনেড জাতীয় তিনটি বোমা, একটি সাইকেল, জেহাদি বই, শক্তিশালী ডেটোনেটর ও বিপুল পরিমাণ জেল বোমা ও গ্রেনেড তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এরশাদ নিউ মনসুরাবাদ স্টেশনারি অ্যান্ড ফটোস্ট্যাট অ্যান্ড কসমেটিকস নামে একটি দোকানে চাকরি করার আড়ালে জেএমবি’র চট্টগ্রামের দায়িত্বশীল হিসেবে কাজ করে যাচ্ছিলের। তিনি এক সময় ছাত্রশিবিরের সাথে জড়িত ছিলেন। পরে জেএমবির সাথে যোগদেন। জেএমবি’র দায়িত্ব পালনকালে ভারত-বাংলাদেশ-মিয়ানমারকে নিয়ে ইসলামী স্টেট গড়ে তোলার জঙ্গি তত্পরতায় সক্রিয় হয়ে ওঠেন। পুলিশ আরো জানায়, এরশাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা গেছে, বিভিন্ন ফ্যাশন হাউস, ফুটপাতের ভ্রাম্যমাণ হকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় জেএমবি’র সদস্যরা ছদ্মবেশে কাজ করে যাচ্ছে। তার ডাক নাম জয়। বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার বালান্দর গ্রামে। পিতার নাম রিয়াজুল ইসলাম।
