গাজীপুরে দুর্ঘটনায় ২ গার্মেন্টকর্মী আহত, বাসে আগুন

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ১৪:১৮
গাজীপুরের জিরানী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই পোশাক শ্রমিক আহত হয়েছে। এই ঘটনায় ঘাতক বাসটিতে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত শ্রমিকরা।
মঙ্গলবার সকাল ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকার উত্তরা মটরস কারখানার সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাবনাগামী আরিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কের উত্তরা মটরস কারখানার সামনে পৌঁছালে দুই পোশাক শ্রমিককে ধাক্কা দেয়। এসময় গুরুতরভাবে আহত হয় ওই দুই শ্রমিক।
এই ঘটনার জের ধরে উত্তেজিত শ্রমিকরা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। 
আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে বাসটির অধিকাংশ অংশই পুড়ে যায়।
আশুলিয়া থানা পুলিশ ও গাজীপুরের চক্রবর্তী ফাড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে ক্লিনিকে পাঠিয়েছে।