লোহাগড়ায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ১৬:৩০


নড়াইলের লোহাগড়া উপজেলায় ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শালনগর ইউপির ভদ্রডাঙ্গা-বাতাশী গ্রামের চিত্তরঞ্জন বিশ্বাসের ছেলে প্রসেনজিত্ বিশ্বাস(৭) গতকাল সোমবার বিকালে বাড়ির পাশে সহপাঠিদের সাথে খেলতে যায়। খেলার সময় কেটে রাখা বাঁশের আঘাতে প্রসেনজিতের বামপায়ের উরুর নিচে গুরুতর জখম হয়। আহত মানিকগঞ্জ বাজারের গ্রাম্য চিকিত্সক বিপ্লব কুমার সরকারের নিকট নিয়ে গেলে তিনি শিশুটিকে ইনজেকশন পুশ করেন। এর পরপরই শিশুটির শরীরে ঝাঁকুনি দিয়ে ওঠে। অবস্থার অবনতি ঘটলে তাকে লোহাগড়া হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।

লোহাগড়া হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ফজল এলাহী বলেন, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং ভুল চিকিত্সায় শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। অভিযুক্ত চিকিত্সক বিপ্লব কুমার সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুত্ফর রহমান জানান, শিশুর লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।