পাসপোর্ট দালাল চক্রের ২০ জন আটক, জেল-জরিমানা

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ১৯:৪৯
 
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকা থেকে মঙ্গলবার র্যাবের ভ্রাম্যমাণ আদালত দালাল চক্রের ২০ জনকে আটক করেছে। এরপর আটককৃতদের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছে।
 
গ্রেফতারদের মধ্যে ১৯ জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ডসহ ৩ মাসের জেল ও একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে মঙ্গলবার দুপুরে ব্রিফিংয়ে এ সব তথ্য জানানো হয়।
 
র্যাব-২ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল এস এম মাসুদ রানা বলেন, ‘দণ্ডপ্রাপ্তরা কম সময়ে পাসপোর্ট তৈরি করে দেয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। এমন কয়েকজন ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল ও জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের বাইরে আরও কেউ এই অপরাধে জড়িত আছে কিন্তু সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে র্যাবের এই কর্মকর্তা জানান।
 
নির্বাহী ম্যাজিস্টেট আনিসুর রহমান বলেন, সংশোধনের সুযোগ হিসেবে গ্রেফতারদের মধ্যে ১৯ জনকে ৩ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি এক জনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।