রাজধানীর বাড্ডায় বালুর মাঠ থেকে অজ্ঞাতপরিচয় (১৮) এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরনে প্রিন্টের সালোয়ার কামিজ রয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানা সূত্র জানায়, স্থানীয়রা সকালে বাড্ডার সাতারকুল এলাকার নেপচুন প্রজেক্টের বালুর মাঠে এক তরুনীর লাশ পড়ে থাকতে দেখে ঘটনাটি থানায় জানায়। খবর পেয়ে বাড্ডা থানা পুলিশ দুপুর আড়াইটার দিকে ওই মাঠ থেকে তার লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত সোমবার রাতের কোনো এক সময় তাকে শারীরিক নির্যাতনের পর গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা বালুর মাঠে তার লাশ ফেলে রেখেছে। তবে তার পরিচয় ও কেন তাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে পুলিশ কোন তথ্য জানতে পারেনি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
