সৈয়দপুরে রেলের ছয় কর্মকর্তার বিরুদ্ধে মঙ্গলবার নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে। রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে মূল্যবান ওষুধসহ ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেয়া এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করায় এ মামলা করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইফুল ইসলাম পলাশ। মামলাটি আমলে নিয়ে বিবাদীগণকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।
অভিযুক্ত কর্মকর্তারা হলেন: রেলওয়ে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ, ৭-৮ নং কাচারীর ফিল্ড কানুনগো মনোয়ারুল ইসলাম, ৭নং কাচারীর আমিন মোঃ মনজুরুল হক, ১৩-১৪ নং কাচারীর ফিল্ড কানুনগো জিয়াউর রহমান, রেলওয়ে পাকশী রাজস্ব শাখার সার্কেল অফিসার রাফিউল ইসলাম ও সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ রেজওয়ানুল হক।
অভিযোগে জানা গেছে, গত ১৮ ও ১৯ মার্চ উপজেলায় রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে রেলওয়ে কর্মকর্তাগণ একটি ফার্মেসির মালিকের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় সেদিন ওই ফার্মেসিটি ভেঙ্গে দেয়া হয় বলে মামলায় বলা হয়।
