মেয়র প্রার্থী এখলাছ মোল্লাকে ইসির নোটিস

আপডেট : ২৫ মার্চ ২০১৫, ২২:৪৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনে আচরণবিধি লংঘন করায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী এখলাছ উদ্দিন মোল্লাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
 
বুধবার পাঠানো এই নোটিসে আগাম প্রচারণামূলক পোস্টার-বিলবোর্ড না সরানোর বিষয়ে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বলেন, পুরো নির্বাচনী এলাকা নিজে ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পরিদর্শন করেছেন। যখনই কোনো অনিয়ম দেখা হচ্ছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
রিটার্নিং কর্মকর্তার অ্যাসাইনমেন্ট কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রথমবারের মতো মেয়র পদে সম্ভাব্য কোনো প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস দেয়া হল।
 
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ মার্চ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। যাচাই-বাছাই শেষে প্রত্যাহার করা যাবে ৯ এপ্রিলের মধ্যে। ভোট হবে ২৮ এপ্রিল।