ক্লাস পরীক্ষা স্বাভাবিক হলে রাবিতে ৮৪ দিন ধরে বাস বন্ধ

আপডেট : ২৬ মার্চ ২০১৫, ০১:২২

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালে ক্লাসসহ নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ৮৪ দিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিজস্ব পরিবহন ব্যবস্থা বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে ১৫ হাজার মানুষের দুর্ভোগ চরমে।

অনুসন্ধানে জানা গেছে, স্বাভাবিক নিয়মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা চললেও শুধু পরিবহন বন্ধ থাকায় ক্যাম্পাসের বাইরে থাকা অন্তত ১৫ হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বিকল্প পদ্ধতিতে নিয়মিত ক্যাম্পাসে যাচ্ছেন। আবার ক্যাম্পাসের বাসিন্দারাও প্রতিদিন নানা প্রয়োজনে বিকল্প খরচে শহরে যাচ্ছেন। অথচ বাসভাড়া বাবদ টাকা দিতে হচ্ছে তাদের।

পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর শহর ও পার্শ্ববর্তী এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করেছে। এরপর শীতকালীন ছুটি শেষে চলমান অবরোধ-হরতালের কারণে ৮৪ দিন আর বাস চলেনি। শিক্ষার্থীরা জানান, চলমান রাজনৈতিক অস্থিরতায় জানুয়ারিতে কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি। গত ৩ ফেব্রুয়ারি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। এরপর অন্যান্য বর্ষের ক্লাস পরীক্ষা শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সিদ্ধান্তে সকল বিভাগের ক্লাস-পরীক্ষা স্বাভাবিক হয়। তবে ক্লাস-পরীক্ষা চালু হলেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস চলাচল না করায় সংশ্লিষ্টদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মোঃ সাইয়েদুজ্জামান বলেন,অবরোধ-হরতালে ক্লাস পরীক্ষা নেয়ার  সিদ্ধান্ত হলেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস চালানোর সিদ্ধান্ত হয়নি। নাশকতার আশঙ্কায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।