দেশের অভ্যন্তরীণ পাঁচ রুটে ফ্লাইট চলাচল পুনরায় চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রুটগুলো হচ্ছে- ঢাকা-রাজশাহী, ঢাকা-কক্সবাজার, ঢাকা-যশোর, ঢাকা-বরিশাল ও ঢাকা-সৈয়দপুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এই ফ্লাইট চলাচল কার্যক্রম উদ্বোধন করবেন। এর পরদিন থেকে উল্লিখিত রুটসমূহে ফ্লাইট চলাচল শুরু হবে।
দুইটি টার্বো প্রোপেলার ড্যাস-৮ উড়োজাহাজ দিয়ে এ সকল রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। ইজিপ্ট এয়ারের সহযোগী সংস্থা স্মার্ট এভিয়েশনের কাছ থেকে ৭৪ আসন বিশিষ্ট এই উড়োজাহাজ পাঁচ বছরের জন্য লিজ নেয়া হয়েছে। কায়রো থেকে গতকাল শুক্রবার এই উড়োজাহাজ ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় তা আসেনি। আগামী মঙ্গলবার প্রয়োজনীয় ককপিট ক্রুসহ এই উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, লিজে আনা উড়োজাহাজ দিয়ে জাতীয় পতাকাবাহী বিমান ঢাকা-কক্সবাজার রুটে মঙ্গলবার বাদে সপ্তাহে ৬ দিন, ঢাকা-যশোর রুটে বুধ ও রবিবার বাদে সপ্তাহে ৫ দিন, ঢাকা-রাজশাহী রুটে সপ্তাহে মঙ্গল, শুক্র ও রবিবার, ঢাকা-সৈয়দপুর রুটে সোম, বৃহস্পতি ও শনিবার এবং ঢাকা-বরিশাল রুটে রবি ও বুধবার একটি করে ফ্লাইট চালাবে। এছাড়া বর্তমানে চালু ঢাকা-কলকাতা, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রুটেও এই উড়োজাহাজ দিয়ে ফ্লাইট চালানো হবে। ৬ এপ্রিল সকাল ৭টায় টার্বো প্রোপেলার উড়োজাহাজের প্রথম ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে।
প্রসঙ্গত, লোকসানের কারণে বিমান তার অভ্যন্তরীণ ওইসব রুটে ফ্লাইট পরিচালনা পর্যায়ক্রমে বন্ধ করে দিয়েছিল। কিন্তু রুটগুলো আবার চালু করার জন্য বিভিন্ন পর্যায় থেকে দাবি তোলা হয়। এমনকি গত কয়েক বছর ধরে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যগণ জাতীয় সংসদে এই দাবিতে সোচ্চার ছিলেন। সংসদে প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রুটগুলো পুনরায় চালু করার জন্য কয়েক দফা আশ্বাস দেন।
