রেলমন্ত্রীর ভাইয়ের লাশ উদ্ধার

আপডেট : ৩০ মার্চ ২০১৫, ১০:১৬
রেলমন্ত্রী মুজিবুল হকের বড় ভাইয়ের লাশ রবিবার দুপুরে ধানমন্ডির লেক থেকে উদ্ধার করা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, তার নাম এবিএম আবদুল লতিফ (৭২)। তিনি শনিবার রাত নয়টা থেকে নিখোঁজ ছিলেন। রবিবার বেলা ১২টায় ধানমন্ডির ২নং রোডের মাথায় লেকের পানিতে লাশ ভাসতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি ধানমন্ডির ৫নং রোডের ২৩/এ বাসিন্দা। লাশ উদ্ধার করে তার বাসায় নেয়া হয়েছে। তার শরীরে আঘাতে কোন চিহ্ন পাওয়া যায়নি। আবদুল লতিফের নিখোঁজ হওয়া এবং তার  মৃতের কারণ  জানা যায়নি।
ওসি আরো জানান, এর আগে আবদুল লতিফের মেয়ে নিখোঁজ বাবার সন্ধান চেয়ে থানায় জিডি করতে যান। এরই মধ্যেই লাশ উদ্ধার হওয়ার খবর আসে।
এবিএম আবদুল লতিফ শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ছিলেন।