গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থ পাচ্ছে এডিবি

আপডেট : ৩০ মার্চ ২০১৫, ১১:২৭
জলবায়ু পরিবর্তন জনিত হুমকিতে থাকা দেশগুলোর সহায়তার লক্ষ্যে গঠিত ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ (জিসিএফ) থেকে অর্থ নেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বহুজাতিক দাতা সংস্থা হিসেবে এডিবিই প্রথম এ সুযোগ পেয়েছে। জিসিএফ তহবিল থেকে নেয়া অর্থ এডিবির সদস্য দেশগুলোতে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে বাস্তবায়ন করবে সংস্থাটি। ম্যানিলাস্থ প্রধান কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনের (ইউএনএফসিসিসি) সিদ্ধান্তের আলোকে ২০১০ সালে জিসিএফ গঠিত হয়। জলবায়ু সংক্রান্ত অর্থায়নই এ তহবিলের মূল লক্ষ্য। এ তহবিল উন্নয়নশীল দেশগুলোর গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে। এ তহবিলে অর্থায়ন করতে ৩২টি দেশ ১ হাজার ২০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এ তহবিলে সর্বোচ্চ প্রতিশ্রুতি রয়েছে যুক্তরাষ্ট্রের। এর পরেই রয়েছে জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।