ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে সোমবার দুপুরে রেবেকা সুলতানা (৩৮) নামে এক গৃহবধূর টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় তিনি রিকশা থেকে পড়ে আহত হন। রেবেকা সুলতানা বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ছোট ভাই নাজিম উদ্দিনের স্ত্রীর।
আহত রেবেকা সুলতানা জানান, তিনি গাজীপুর জয়দেবপুরের দক্ষিণ ছায়াবিথী এলাকায় থাকেন। সোমবার সকালে সেখান থেকে বাসে করে শাহবাগ নামেন। দুপুর ১২টায় রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে যাওয়ার সময় শামসুন্নাহার হলের সামনে আসলে মোটরসাইকেলে করে আসা দুই যুবক তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তিনি রিকশা থেকে পড়ে আহত হন।
পথচারী সুশান্ত মন্ডল তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। তিনি আরও জানান, তার ভ্যানিটি ব্যাগে ৭০ হাজার টাকা, একটি মোবাইল ও কিছু স্বর্ণালংকার ছিল।
