পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে বাংলাদেশ ফিন্যান্সিয়াল মার্কেট ফোরাম (বিএফএমএফ) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ফোরাম প্রাথমিকভাবে পুঁজিবাজার নিয়ে কাজ করবে। পরবর্তীতে দেশের অন্যান্য খাত নিয়েও কাজ করবে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড রুমে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান, ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সভাপতি আলী রেজা ইফতেখার, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আসাদ খান সহ আরও অনেকে।
বিএফএমএফ গঠন করা হয়েছে পুঁজিবাজার সংশ্লিষ্ট ছয়টি সংগঠনের সমন্বয়ে। এর মধ্যে রয়েছে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, বিআইএ, বিএমবিএ, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।
সভা শেষে মো. ফায়েকুজ্জামান বলেন, শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগের শর্ত শিথিল করা হলে বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে। বর্তমানে বাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের এক্সপোজার লিমিট নিয়ে কিছু সমস্যা রয়েছে। এ সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির সাথে আলোচনা করা হবে। আহসানুল ইসলাম টিটু বলেন, পরিশোধিত মূলধনের ২৫ শতাংশের বেশি বিনিয়োগে নিষেধাজ্ঞা থাকায় সক্ষমতা থাকা সত্ত্বেও অনেক ব্যাংক বাজারে নতুন বিনিয়োগ করতে পারছে না। তিনি আরও বলেন, তালিকাভুক্ত এবং অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগকে ব্যাংকগুলোর শেয়ারবাজারের বিনিয়োগ হিসাবে বিবেচনা করা হয়।
