বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে ঐকমত্যের পরিবেশ সৃষ্টি করা দরকার। সরকার-বিরোধী দল সকলে মিলে সংসদে আলোচনার মাধ্যমে একটি সমৃদ্ধশালী দেশ গঠনে এগিয়ে আসবে এমন একটি দেশই আমরা চাই। গতকাল মঙ্গলবার তেজগাঁওস্থ এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত পাবলিক পার্লামেন্ট বিতর্কের গ্র্যান্ড ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ির দেশ নয়। মঙ্গা-সাইক্লোন, ঘূর্ণিঝড়ের দেশ নয়। এসব দুর্যোগ মোকাবেলায় আমরা যথেষ্ট সক্ষমতা অর্জন করেছি। আন্তর্জাতিক বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সূচকে বিশ্বের বুকে বাংলাদেশের বিস্ময়কর উত্থান ঘটেছে। সকল সূচকে আমরা প্রতিবেশি অনেক দেশ থেকে এগিয়ে। ইতিমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের কাতারে প্রবেশ করেছে।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশের রাজনীতিতে পরস্পর মুখোমুখি প্রধান দুই দলের সহিংস অবস্থান দেশের ব্যাপক আর্থিক ক্ষতিসহ সাধারণ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে।
‘সহিংসমুক্ত রাজনীতিই পারে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে’ শীর্ষক চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি বিরোধী দল হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
