কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ১১:০৮

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জোকারচর এলাকায় ঢাকা-বঙ্গবন্ধুসেতুপূর্ব মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলন- টাঙ্গাইল সদর উপজেলার আজগর আলীর ছেলে আব্দুল হামিদ (৩৫) ও হারান আলী মন্ডলের ছেলে হাসান আলী।
পুলিশ জানায়, বুধবার সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতীর জোকারচর এলাকায় একটি বালুর ট্রাক সড়কের পাশে চাকা মেরামতের কাজ করছিল। এ সময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ট্রাকটিকে সজোরে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল হামিদ ও হাসানের মৃত্যু হয়। এ সময় মফিজ, ইউনুস আলী ও নওশের মল্লিক নামের তিনজন আহত হন। তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি (তদন্ত) কুতুব উদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত কাভার্ডভ্যান ও ট্রাকটি থানায় নিসে আসা হয়েছে।