চাঁপাইনবাবগঞ্জে দুই স্কুলছাত্রীর বস্তাবন্দী লাশ

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ০১:১৮

নিখোঁজ হওয়ার চারদিন পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুই স্কুলছাত্রীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার দোভাগী গ্রামের একটি ভুট্টা ক্ষেতে তাদের লাশ পাওয়া যায়। এরা হলো উপজেলার চরকানছিঁড়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে লতিফা খাতুন (৯) ও একই এলাকার আশরাফুল আলমের মেয়ে আঁঁখি আক্তার (৯)। এরা দুজনই চর বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক নূর আলম জানান, গত ২৮ মার্চ সকালে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয় দু’জন। এরপর তারা আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে পরদিন রাতে উভয়ের স্বজনরা এ ব্যাপারে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এসআই নূর আলম বলেন, বেলা ১২টার দিকে স্থানীয়রা ভুট্টা ক্ষেতে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দুটি বস্তা থেকে লতিফা ও আঁখির গলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।