পলিথিন দিয়ে ঘিরে পাহাড় কাটা হচ্ছে উখিয়ায়

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ০১:৪০

উপজেলায় নির্বিচারে পাহাড় কাটছে একশ্রেণির ভূমিদস্যু। অভিযোগ উঠেছে, পালংখালীতে পলিথিন দিয়ে ঘিরে গোপনে একটি পাহাড় কাটার কাজ চলছে। সেখানে বনভূমির শ্রেণি পরিবর্তন করে বসতবাড়ি গড়ে তোলা হবে বলে জানা গেছে।

স্থানীয় গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার সরেজমিন পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকা ঘুরে দেখা যায়, প্রায় ২০ একরেরও অধিক এলাকার বিশাল পাহাড় কেটে বনভূমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে। জানতে চাওয়া হলে কামাল নামের এক যুবক বলেন, এ পাহাড়টি ব্যক্তি মালিকানাধীন জমি। বসতবাড়ি নির্মাণ করার জন্য পাহাড় কাটা হচ্ছে। পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে কেন জানতে চাওয়া হলে ওই যুবক বলেন, সরকারি বিভিন্ন লোকজন এসে বিরক্ত করে, তাই পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে।
এ ব্যাপারে উখিয়ার ঘাট বনবিট কর্মকর্তা রুহুল আমিন জানান, ওই এলাকাটি তার বনবিটে পড়েনি বিধায় পাহাড় কাটার ব্যাপারটি তার জানার কথা নয়। থাইংখালী বনবিট কর্মকর্তা আব্দুল মন্নান পাহাড় কেটে বনভূমির শ্রেণি পরিবর্তন করার সত্যতা স্বীকার করে বলেন, সংশ্লিষ্টদের জমির দলিলপত্র নিয়ে আসতে বলা হয়েছে। যদি বনভূমির জায়গা হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে।
কক্সবাজার পরিবেশ আন্দোলনের সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, তারা বনভূমি রক্ষা ও খাল থেকে বালি উত্তোলন প্রতিরোধসহ অবৈধ ইট ভাটার বিরুদ্ধে কাজ করছেন। পাহাড় কাটার বিষয়টি সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. ইব্রাহিম মিয়া জানান, পাহাড় কাটা প্রতিরোধে বনবিট কর্মকর্তাদের তত্পর থাকার নির্দেশ দেয়া হয়েছে। তিনি ধামনখালীর ঘটনাটি সরেজমিন তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরিবেশ আইনে কেন মামলা হচ্ছে না জানতে চাওয়া হলে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তারা পরিবেশ আইনে মামলা করতে বাধ্য।

স্থানীয়দের অভিযোগ পাহাড়  কাটা, বনসম্পদ ধ্বংস ও আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, বালু উত্তোলনসহ  উখিয়ার যেখানে সেখানে ইটভাটা তৈরি করে পরিবেশ দূষণ করলেও দায়ীদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হচ্ছে না। মান্দাতার আমলের বন আইনে মামলা করে বন কর্মকর্তারা তাদের দায়িত্ব শেষ করায় অভিযুক্তরা সহজেই জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে। ফলে বেপরোয়া হয়ে উঠেছে বনখেকো দুর্বৃত্তের দল।