তৃতীয় ঢাকা আর্ট সামিট ফেব্রুয়ারিতে

আপডেট : ০৩ এপ্রিল ২০১৫, ১৩:০৯
দেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া শিল্পকলা বিষয়ক ঢাকা আর্ট সামিট-২০১৬। আগামী ৫ থেকে ৮ ফেব্রুয়ারি ২০১৬ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হবে আর্ট সামিট। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সামদানী ফাউন্ডেশন আয়োজিত এক সাংবাদিক সম্মেলন ঢাকা আর্ট সামিট-এর ডিরেক্টর নাদিয়া সামদানী এ তথ্য জানান। 
সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ঢাকা আর্ট সামিট-এর ডিরেক্টর নাদিয়া সামদানী। এসময় আরো উপস্থিত ছিলেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা আর্ট সামিট এর সাংগঠনিক কমিটির সদস্য গাউসুল আলম শাওন ও ঢাকা আর্ট সামিট বাংলাদেশের কিউরেটর চিত্রশিল্পী মুনিরুজ্জামান।
লিখিত বক্তব্যে নাদিয়া সামদানী বলেন, ঢাকা আর্ট সামিটের তৃতীয় সংস্করণে কিছু নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। ‘রিওয়াইল্ড’ একটি নন কমার্শিয়াল সেকশন, যেখানে ১৯৮০ সালের আগের দক্ষিণ এশীয় শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শন করা হবে। ঢাকা আর্ট সামিটের নতুন আরেকটি সেকশন ‘ক্রিটিক্যাল রাইটিং’ শুরু হতে যাচ্ছে, যেখানে ২০ জন আন্তর্জাতিক শিল্পবিষয়ক লেখক দক্ষিণ এশীয় শিল্পবিষয়ক পরীক্ষামূলক লেখা নিয়ে গবেষণা করবেন। এছাড়া ঢাকা আর্ট সামিটের আরেকটি আকর্ষণ হলো স্পিকার প্যানেল, যেখানে বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর ১৫টি দেশের মোট ৩৫ জন স্পিকার তাদের অভিজ্ঞতা সামিটে আগত দর্শকের কাছে ব্যক্ত করবেন।
এ সামিটে বাংলাদেশের কোন শিল্পীদের শিল্পকর্ম স্থান পাবে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মুনিরুজ্জামান জানান, আর্ট সামিটে আমাদের দেশের ৫০ জন বরেণ্য চিত্রশিল্পীর শিল্পকর্ম নানাভাবে উপস্থাপন করা হবে।
তারা আরো জানান, অনুষ্ঠানে বরাবরের মতো এবারও ডেলফিনা ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে সামদানী আর্ট অ্যাওয়ার্ড ঘোষণা করতে যাচ্ছে, যার পুরস্কার স্বরূপ—একজন উদীয়মান বাংলাদেশি শিল্পী পাবেন লন্ডনের ডেলফিনা ফাউন্ডেশনে তিনমাসের রেসিডেন্সি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ। ১০ জন সেরা ফাইনালিস্টকে নিয়ে সুইজারল্যান্ডের কুন্সস্টাল জুরিখের ডাইরেক্টর ডেনিয়েল ভাওমেন তৃতীয় ঢাকা আর্ট সামিটে একটি প্রদর্শনী কিউরেট করবেন। যার সার্বিক সহযোগিতায় থাকবে প্রোহেলভেশিয়া-সুইস আর্টস কাউন্সিল।