পুড়ে যাওয়া রোগীদের চিকিত্সায় ঢাকায় আসছে জার্মান মেডিক্যাল টিম

আপডেট : ০৪ এপ্রিল ২০১৫, ১৩:২৯

বাংলাদেশে সামপ্রতিক রাজনৈতিক সহিংসতায় পুড়ে যাওয়া রোগীদের চিকিত্সা সেবা দিতে জার্মানি থেকে এগারো সদস্যের একটি মেডিক্যাল টিম ঢাকায় আসছে। ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, জার্মানভিত্তিক স্বেচ্ছাসেবি ও সামাজিক সংস্থা ‘ফর-বাংলাদেশ এসোসিয়েশন’-এর তত্ত্বাবধানে আজ শনিবার এই টিমের ঢাকা এসে পৌঁছানোর কথা।

বাংলাদেশ সফরকালে মেডিক্যাল টিমটি দুই ভাগে বিভক্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সা সেবা দেবে। জার্মানির এই টিমটি পুড়ে যাওয়া রোগীদের ভালো চিকিত্সার জন্য বাংলাদেশের সার্জন ও নার্সদের প্রশিক্ষণও প্রদান করবেন। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত টিমটি বাংলাদেশে অবস্থান করে চিকিত্সা সেবা দিবে বলে জানান জার্মান প্রবাসী প্রকৌশলী হাসনাত মিয়া।

মেডিক্যাল টিমের সদস্যদের মধ্যে আছেন জার্মানির বিখ্যাত বিজিইউ হাসপাতালের বার্ন বিশেষজ্ঞ প্রফেসর হেঞ্জ হার্বাট হোমান, সেন্ট জোহান্স হাসপাতালের ডা. পিটার প্রিসেইলার, অগস্থা হাসপাতালের ডা. মার্ক খেইমের, ডা. ইভা ভারগা, হাঙ্গেরির সিনিয়র প্লাস্টিক সার্জন ডা. গ্রেগ পাঠাকি, ডা. পিটার ভান্সকো, হল্যান্ডের ওপি এবং বার্ন প্রশিক্ষক গ্রিতা হেসেলিং, মিস কারীলিনা হোয়েরনার এবং জার্মানভিত্তিক স্বেচ্ছাসেবি সংস্থা ‘ফর-বাংলাদেশ এসোসিয়েশন’-এর প্রজেক্ট ম্যানেজার সহকারী সার্জন ও প্রকৌশলী হাসনাত মিয়া।