অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও সিনেমা ইন্ডাস্ট্রিতে সফল তিনি। এ বছর দুটি সিনেমা প্রযোজনা করছেন তিনি। আর প্রথম সিনেমা ‘পাসওয়ার্ড-এর শুটিং শুরু হয়েছে গতকাল। প্রথমদিনের শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়িকা বুবলি ও ইমন। ছবির ঘোষণা আসার পর ইমনের কথা জানা যায়নি। ঠিক শুটিংয়ের দিনেই এই খবরটি গণমাধ্যমে জানানো হয়। এই ছবিতে শাকিবের কয়েকটি চমক থাকবে বলে আগেই জানানো হয়। তাই ইমনের বিষয়টি গোপন রাখা হয়। অন্যদিকে বুবলি ছাড়াও এই সিনেমায় নতুন এক নায়িকা অভিনয় করবেন। এই কথা আগে জানা গেলেও খবরটি ভিত্তিহীন বলে শোনা যায় সংশ্লিষ্টদের কাছ থেকে। তবে এই ছবিতে পরবর্তী চমক থাকছেন নতুন নায়িকা। ইমন বলেন, ‘শাকিব ভাই অনেকগুলো চমক রেখেছেন ছবিটিতে। নতুন নায়িকা কে থাকবে তা এখনো জানি না। তবে যেহেতু শুটিং শুরু হয়েছে শিগগিরই এই চমক দেখা যাবে।’
মাঝে শাকিবের সাথে ধারাবাহিকভাবে বুবলি ছাড়া কোনো নায়িকাকে দেখা যায়নি। তবে এই একঘেঁয়েমি কাটাতে শাকিবের প্রতিটি ছবিতে নায়িকার একটি চমক রাখছেন তিনি। ‘শাহেনশাহ’ সিনেমায় শাকিবের বিপরীতে প্রথমবারের মতো কাজ করেন নুসরাত ফারিয়া। অন্যদিকে রোদেলা জান্নাত নামের এক নবাগতা নায়িকাও রয়েছেন এই সিনেমায়। ‘পাসওয়ার্ড’ ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারী। শাকিব খানের ‘এসকে’ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবিটি নির্মিত হচ্ছে। শাকিবের প্রযোজনায় এ বছরের পরবর্তী সিনেমাটি পরিচালনা করবেন কাজী হায়াত্।
