রাজশাহীতে অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ১৬:১৭
রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী বাবুল হোসেন বাবলু (৪৫) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। 
 
রবিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন  ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাবলু নগরীর রাজপাড়া থানার নিমতলার ইয়াসিন আলীর ছেলে। তিনি বারিন্দ মেডিকেল কলেজের কাছেই একটি মেসে থাকতেন।
 
বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা গোলাম হোসেন জানান, শনিবার রাতে মেসে কয়েল জ্বালিয়ে ঘুমান বাবলু। গভীর রাতে কয়েল থেকে প্রথমে মশারিতে পরে সমস্ত ঘরে আগুন ছড়িয়ে পড়লে তিনি দগ্ধ হন। পাশের ঘরের লোকজন আগুন নিয়ন্ত্রণে এনে বাবলুকে উদ্ধার করে রামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তিনি মারা যান।
 
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বাবলুর মরদেহ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে রাজপাড়া থানায় ইউডি মামলা হয়েছে।