মানিকগঞ্জে অগ্নিদগ্ধ সালমা আর নেই

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২১:১০

মানিকগঞ্জের ঘিওরে অগ্নিদগ্ধ হওয়া সালমা বেগম (২৫) চিকিৎসাধীন অবস্থায় চলে গেলেন না ফেরার দেশে। সালমা উপজেলার আশাপুর গ্রামের আব্দুল মজিদ মিয়ার পুত্র রুবেলের স্ত্রী। তাকে নিয়ে দৈনিক ইত্তেফাকের অনলাইন ভার্সনে ‘টাকার অভাবে চিকিৎসা না করিয়ে ঢাকা মেডিকেল থেকে বউকে বাড়ি নিলেন কৃষক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদন প্রকাশের পরই তার পাশে দাঁড়িয়েছিলেন স্থানীয় এমপি এ এম নাঈমুর রহমান দুর্জয়, ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুলসহ বিভিন্ন সেবামূলক সংস্থা ও স্কুল কলেজের যুবকরা।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি বুধবার সকালে নিজ বাড়িতে মাটির চুলায় রান্না করতে গিয়ে নিজের অজান্তেই পরনের কাপড়ে আগুন লেগে অগ্নিদগ্ধ হয় এক সন্তানের জননী ও ৩ মাসের অন্তঃসত্ত্বা সালমা বেগম। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সালামকে তাৎক্ষনিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করেন।

চিকিৎসা সূত্র জানায়, সালমার শরীরের দুই-তৃতীয়াংশ অগ্নিদগ্ধ হওয়ায় সেরে উঠতে বেশ কিছু সময়ের প্রয়োজন। তবে তার গর্ভে সন্তানের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারেনি তারা।

আরও পড়ুনঃ শিববাড়ী-হিজুলী রাস্তা এখন মরণফাঁদ

এদিকে, বার্ন ইউনিটে চিকিৎসা ব্যায় বেশী হওয়ায় হতাশ হয়ে পড়েন ওই রোগীর পরিবার। ৫ দিন পর সুস্থ না হলেও অর্থাভাবে বাধ্য হয়ে বাড়ি ফিরতে হয় সালমাকে।

ইত্তেফাক/নূহু