শেরে বাংলা নগর থানায় দায়েরকৃত গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রিমান্ড আদেশ এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে ওই রিমান্ড আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
ঢাকা জেলা প্রশাসক (ডিসি), শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এসআইকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতির মো. জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ রবিবার এই আদেশ দেয়।
রাজধানীর শেরে বাংলানগর থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা একটি মামলায় রিজভীকে গত ৩১ মার্চ তিন দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত। ওই রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে গত ২ এপ্রিল আবেদন করেন রিজভী।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। শুনানি শেষে আদালত এ আদেশ দেয়।
