একেই হয়ত বলে বয়সকে হার মানানো। তবে শতবর্ষ বাঁচা আর এই বয়সে ১৫০০ মিটার সাঁতরে পার করা সমান কথা নয়। আর এই অসাধ্য কাজটাই করে দেখালেন ১০১ বছর বয়সী এক জাপানি নারী মিইকো নাগাওকা। জাপানে একটি সাঁতার প্রতিযোগিতায় নেমে এক ঘণ্টা ১৫ মিনিটে ১৫০০ মিটার সাঁতার কাটলেন। খবর- সিনহুয়ার
১৯১৪ সালে জন্মানো নাগাওকা নিঃসঙ্গ জীবনযাপন করেন। ৮২ বছর বয়সে প্রথম সাঁতার কাটা শুরু করেন তিনি। প্রথমে সাঁতারের কিছু না জানলেও ৮২ বছর বয়সে হাঁটুতে চোট লাগার পর তিনি সুইমিং পুলে নামেন শরীরচর্চা করতে। এরপর নিজের চেষ্টাতে একাই সাঁতার শিখেন তিনি।
১৯৯৮ সালে ৮৪ বছর বয়সে তিনি সাঁতার প্রতিযোগিতায় প্রথমবারের মত অংশগ্রহণ করেন। ২০০২ সালে নিউ জিল্যান্ডে বয়স্কদের একটি আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জিতেন তিনি। এরপর ২০০৪ সালে ইতালিতে আয়োজিত ওই প্রতিযোগিতায় তিনি ৫০ মিটার, ১০০ মিটার ও ২০০ মিটার ব্যাকস্ট্রোকে তিনটি রুপার মেডেল জিতেন। ৯০ বছর বয়সে ৮০০ মিটার ফ্রিস্টাইলে সাঁতার কেটে জাতীয় রেকর্ড গড়ায় জাপান সরকারের তরফে তাঁকে বিশেষভাবে সম্মানিত করা হয়। এখনও পর্যন্ত ২৪ টি বিশ্বরেকর্ডের মালিক নাগাওকা এই মুহূর্তে জাপানের সবচেয়ে বেশি বয়সী সাঁতারু।
