লক্ষ্মীপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১১:৪১

লক্ষ্মীপুর সদর উপজেলার মুক্তারামপুর গ্রামের কোটাবাড়ী এলাকায় সাদ্দাম হোসেন নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। যুবদল কর্মী সাদ্দাম হোসেন দক্ষিন হামছাদী গ্রামের ভূঁঞা বাড়ীর আমানত উল্যার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালের হাট-কালী বাজার রোডের কোটাবাড়ীর সঙ্গে থাকা স মিলের পাশে বসে যুবদল কর্মী সাদ্দাম হোসেন চা খাচ্ছিলেন। এ সময় ৭/৮জন সন্ত্রাসী চায়ের দোকানে এসে সাদ্দাম হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে যায়। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।