শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় বেত্রাঘাত

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১৭:০৮
 
 
শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার ঘিওর উপজেলার বানিয়াজুর্রী ইউনিয়ন স্কুল এন্ড কলেজে এই ঘটনা ঘটে।
 
এতে আহত ছাত্রকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ঐ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র জয় কর্মকার (১৩)। শিক্ষার্থীর বাবা আনন্দ কর্মকার জানান, কয়েক দিন আগে তার ছেলেকে প্রাইভেট পড়ার জন্য কালিদাস মাষ্টার প্রস্তাব দেয়। সে প্রস্তাবে তিনি রাজি না হয়ে অন্য শিক্ষকের কাছে প্রাইভেট পড়াতে থাকে। এরই জেরধরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কালিদাস সাহা শ্রেণি কক্ষে ঢুকে তার ছেলে জয়কে শার্টের একটি বুতাম না থাকার অজুহাতে বেদম বেত্রাঘাত করতে থাকে। এতে ছেলেটি অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তার মাথায় পানি ঢালতে থাকে। পরে খবর পেয়ে ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
 

এ ব্যাপারে কালিদাস সাহা জানান, শ্রেণি কক্ষে দুষ্টমী করার কারণে একটু শাসন করা হয়েছে। তবে প্রাইভেটের কথা অস্বীকার করেন।