ইরানের পরমাণু চুক্তির তীব্র সমালোচনা নেতানিয়াহুর

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১৮:৫৬
 
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যকার সমঝোতার তীব্র সমালোচনা করে একে বাজে চুক্তি হিসেবে উল্লেখ করেছেন। যদিও এ চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন।
 
বৃহস্পতিবার সুইজারল্যান্ডে ইরান ও বিশ্বের শক্তিধর দেশগুলো যে রূপরেখা চুক্তিতে সম্মত হয়েছে তাতে তেহরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে দেশটি তার পরমাণু অস্ত্র তৈরির কাজ হ্রাস করবে।
রবিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে নেতানিয়াহু বলেন, এ চুক্তির ফলে ইরানের পরমাণু কর্মসূচি হ্রাস পাবে না। বরং ইরানের বিশাল পরমাণু অবকাঠামো বহাল থাকবে। একটি সেন্ট্রিফিউজও ধ্বংস হবে না। একটি পরমাণু কেন্দ্রও বন্ধ হবে না।
 
এদিকে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে এ চুক্তিকে কেন্দ্র করে একধরণের বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলছে, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে এ চুক্তিই একমাত্র পথ।