শেরপুরে ঝিনাইগাতীতে আসন্ন উপজেলা নির্বাচনে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের দাবিতে শুক্রবার মানববন্ধন করে ওই প্রার্থীর সমর্থকেরা। ঝিনাইগাতী উপজেলা সদরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আবু রায়হান জুয়েল, মেহেদি হাসান মাসুম, লতিফুর রহমান মনা, বাগাতি ম্রং প্রমুখ।
বক্তারা বলেন, পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ২৬ ফেব্রুয়ারি। কিন্তু সেদিন ভাইস চেয়ারম্যান পদে রকিবুল ইসলাম রোকন নির্দিষ্ট সময়ের চার মিনিট পরে তার মনোনয়নপত্র জমা দিতে যান। এ সময় আইনগত দিক বিবেচনায় নির্বাচন কমিশন তা গ্রহণে অস্বীকৃতি জানায়। বক্তারা বলেন- রোকনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে তার মনোনয়নপত্র জমা দিতে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এতে করে নির্ধারিত সময়ের কিছু পরে তার মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি। ইতোমধ্যে মনোনয়নপত্র গ্রহণের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন রোকন। মনোনয়নপত্র গ্রহণ করে রোকনকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবি জানান বক্তারা।
