আরো একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এটি হলো বিমান বাহিনীর এফটি-৭ বিজি-১ প্রশিক্ষণ বিমান। গতকাল মঙ্গলবার অপরাহ্নে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমানটি দুর্ঘটনা কবলিত হয়। এ কারণে আধ ঘণ্টা রানওয়ে বন্ধ থাকায় আন্তর্জাতিক রুটের সব বিমান ওঠানামা বন্ধ থাকে। বিমানবন্দরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, এফটি-৭ বিজি-১ প্রশিক্ষণ বিমানটি নিয়ে দুই পাইলট কুর্মিটোলা বিমানবন্দর থেকে বিকাল ৩টা ৩২ মিনিটে উড্ডয়ন করেন। ৪৫ মিনিট পর ৪টা ১৭ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।
জানা যায়, অবতরণের সময় বিমানটির নোজ হুইল ভেঙ্গে যায়। এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। দুই পাইলট অক্ষত অবস্থায় বেঁচে যান। দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি রানওয়ে থেকে সরিয়ে ফেলার পর পুনরায় বিমান উঠানামা শুরু হয়। এর আগে ১ এপ্রিল রাজশাহী শাহ মাখদুম বিমানবন্দরের রানওয়েতে ফ্লাইং ক্লাবের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় নারী বৈমানিক তামান্না রহমান নিহত এবং প্রশিক্ষক লে. কর্নেল (অব.) সাইদ কামাল আহত হন। উল্লেখ্য, বিমান বাহিনীর এফটি-৭-এর আরো একটি প্রশিক্ষণ বিমান ২০০৪ সালে উত্তরার ফায়দাবাদ এলাকায় বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় বিমানের কেউ হতাহত হয়নি।
