কাশিমপুর কারাগারে এক খুনির ফাঁসি কার্যকর

আপডেট : ০৮ এপ্রিল ২০১৫, ০১:১৭

গাজীপুরের কাশিমপুর কারাগারে জোড়া খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, সোমবার রাত ১১টা ১ মিনিটে আজিজুল হক বাচ্চু (৩৫) নামের ওই আসামির ফাঁসি কার্যকর করা হয়। বাচ্চু কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পিটুয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, নাটোরের বড়াইগ্রাম থানার জলমন্দ গ্রামের নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে বাচ্চু মনোহারি ব্যবসা করতেন। ২০০৫ সালের ফেব্রুয়ারির এক সন্ধ্যায় তিনি বাড়ির মালিকের ঘরে ঢুকে তার দুই মেয়ে পাখি খাতুন ওরফে চাঁদনী (১৩) ও দেড় বছরের সুমাইয়া খাতুনকে ছুরি মেরে হত্যা করেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যশেষে ওই বছর ২৮ নভেম্বর বাচ্চুকে মৃত্যুদণ্ড দেয় নাটোরের দায়রা জজ আদালত। ২০১১ সালের ১০ জানুয়ারি হাইকোর্ট এবং ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি আপিল বিভাগও ওই দণ্ড বহাল রাখে। এরপর বাচ্চু প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করলে গত ৪ এপ্রিল তা খারিজ হয়। এর দুই দিনের মাথায় তার দণ্ড কার্যকর হল।

দণ্ড কার্যকরের সময় উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন আলী হায়দার খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ