ত্রিমাত্রিক ক্যামেরাসহ স্মার্টফোন আনছে ইন্টেল

আপডেট : ০৮ এপ্রিল ২০১৫, ২২:৩৯
 
স্মার্টফোনের উপযোগী ত্রিমাত্রিক ক্যামেরা দেখিয়েছে কম্পিউটার চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল। ইন্টেল ক্যামেরাটির নাম দিয়েছে 'রিয়েল সেন্স'। এর আগেও ইন্টেল ত্রিমাত্রিক ছবি তুলতে সক্ষম এমন একটি ক্যামেরা দেখিয়েছিল। তবে সেটি আকারে বড় হওয়ায় স্মার্টফোনে ব্যবহারের উপযোগী ছিল না। এবার তারা ত্রিমাত্রিক ক্যামেরা সম্বলিত একটি ছয় ইঞ্চি আকারের নমুনা স্মার্টফোন বা প্রোটোটাইপ দেখাল।
ইন্টেল প্রদর্শিত রিয়েল সেন্স ক্যামেরা দিয়ে তোলা ছবির ফোকাস ব্যবহারকারী তার ইচ্ছামত পরিবর্তন করার সুযোগ পাবেন, এমন দাবি করেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও বস্তুর নড়াচড়াও সনাক্ত করতে পারবে ক্যামেরাটি।
ইন্টেলের প্রধান নির্বাহী ব্রায়ান ক্রাযিঞ্চ চীনের সেনঝেনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রোটোটাইপটি দর্শকদেরকে দেখান। তবে প্রোটোটাইপটি সেটা ব্যবহার করে ছবি তুলতে দেখায়নি ইন্টেল। এর থেকে ধারণা করা হচ্ছে, ইন্টেলের ত্রিমাত্রিক ক্যামেরাসহ স্মার্টফোন হাতে পেতে এখনো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে প্রযুক্তি প্রেমীদের। সূত্র: বিবিসি