মুন্সীগঞ্জে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে যুবক গুলিবিদ্ধ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৫, ১৮:১৯
 
মুন্সীগঞ্জে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মালিরপাথরে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, যুবলীগ কর্মী ইমরান-সম্রাট গ্রুপ ও বাদশা মিয়া সমর্থিত গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে। এতে সানী মাদবর (২৪) নামে এক যুবক গুলিবিদ্ধ হন এবং মো ফয়সাল (২২) নামে অপর যুবক আহত হয়েছেন।
 
সদর সার্কেল এএসপি মো. এমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ইমরান-সম্রাট গ্রুপ ও বাদশা মিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। দুপুরে ইমরান-সম্রাট গ্রুপ বাদশা মিয়ার দু’গ্রুপের ওপর হামলা চালালে এ সংঘর্ষ বাধে। এ সময় সানি গুলিবিদ্ধ হন। সানি কোনো গ্রুপের বা পথচারি কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে অপর আহত ফয়সাল বাদশা গ্রুপের সদস্য। বর্তমানে পরিস্থিতি শান্ত।