ব্রাজিল দলে ভিনিসিয়াস

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২১:৫৬

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেয়েছেন। এ মাসের শেষে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলটিতে অবশ্য ইনজুরির কারণে নেই ফরোয়ার্ড নেইমার। তারই ক্লাব সতীর্থ দানি আলভেজ দলে ফিরলেও পড়তি ফর্মের কারণে জায়গা হয়নি রিয়াল উইংব্যাক মার্সেলোর।

ব্রাজিল আগামী ২৩ ও ২৬ মার্চ পানামা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য গত বৃহস্পতিবার দল ঘোষণা করে। ফ্ল্যামেঙ্গো থেকে এই মৌসুমের শুরুতে ৪৫ মিলিয়ন ইউরোয় রিয়ালে পাড়ি জমান ভিনিসিয়াস।

রিয়াল ফরোয়ার্ডটির ডাক পাওয়া প্রসঙ্গে ব্রাজিল কোচ তিতে বলেন, ‘আমি নতুন প্রতিভাদের দলে নেয়া ও তাদের অনুপ্রেরণা দেয়ার ব্যাপারে আমি বেশ উদার। বিশেষ করে যদি তারা কৌশলগতভাবে ও মানসিকভাবে দলে জায়গা করে নিতে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকে। সেটাই ভিনিসিয়াসকে দলে ডাক পেতে সাহায্য করেছে। সে প্রায় ২৬টির মতো ম্যাচ খেলেছে, তাতে সে যেমন খেলছে তা অসাধারণ!’

ভিনিসিয়াসের দলে আসাকে তিতে দেখছেন তার প্রতিভার স্বীকৃতি হিসেবে। ব্রাজিল কোচের ভাষায়, ‘যদিও আমরা অনুশীলনের জন্য খুবই কম সময় পাবো, আমি তাকে গড়ে ওঠার জন্য এবং উন্নতি করার জন্য পর্যাপ্ত সুযোগ দিতে চাই। এটা তার প্রতিভার জন্য একটা স্বীকৃতি।’

এদিকে পায়ের মেটাটার্সাল হাড়ে চোটের কারণে দুই মাসের জন্য ছিটকে যাওয়া পিএসজি তারকা নেইমার স্বাভাবিকভাবেই নেই এই দলে। ফিরেছেন চোটের খড়গে রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা দানি আলভেজ, সঙ্গে ফিরেছেন সিটি মিডফিল্ডার ফার্নান্দিনহোও। তবে বাজে ফর্মের কারণে ক্লাব দলেও অনিয়মিত হয়ে পড়া মার্সেলোর জায়গা হয়নি এই দলে।

ব্রাজিল দল

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন মোরায়েস (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার: দানি আলভেজ (পিএসজি), দানিলো (ম্যানচেস্টার সিটি), মার্কিনিয়োস (পিএসজি), ফিলিপে লুইস (অ্যাটলেটিকো মাদ্রিদ), এডার মিলিতাও (পোর্তো), মিরান্দা (ইন্টার মিলান), আলেক্স সান্দ্রো (জুভেন্তাস), থিয়াগো সিলভা (পিএসজি)

মিডফিল্ডার: অ্যালান (নাপোলি), ফেলিপে অ্যান্ডারসন (ওয়েস্ট হ্যাম), আর্থার মেলো (বার্সেলোনা), ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফেলিপে কোটিনিহো (বার্সেলোনা), এভারটন (গ্রেমিও), ফ্যাবিনহো (লিভারপুল), লুকাস পাকুয়েতা (এসি মিলান)

ফরোয়ার্ড: গাব্রিয়েল জেসাস (ম্যানচেস্টার সিটি), রবার্তো ফিরমিনো (লিভারপুল), রিচার্লিসন (এভারটন), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)