মরক্কোতে গতকাল শুক্রবার একটি ট্যাংক লরি ও খেলোয়াড়দের বহনকারী একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩১ জন ক্রীড়াবিদ নিহত ও নয়জন আহত হয়েছেন।
সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ম্যাপের খবরে বলা হয়, মরক্কোর দক্ষিণাঞ্চীয় তান-তান নগরীর কাছে এ মুখোমুখি সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দেশের উত্তরাঞ্চলের একটি প্রতিযোগিতা থেকে ওই বাসে করে তরুণ খেলোয়াড় ও তাদের কোচকে আনা হচ্ছিল।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল সেখানে ছুটে যায়। কোনো কোনো গণমাধ্যমে বলা হয়েছে নিহত সবাই ক্রীড়াবিদ নয়। তাছাড়া স্কুলের একটি ক্রীড়াপ্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বেশ কয়েকজন ছাত্রও ওই বাসে করে যাচ্ছিল। দুর্ঘটনায় তাদের অনেকে নিহত হয়েছে।
দুর্ঘটনার পর বড় আকারের অগ্নিকান্ড সংগঠিত হবার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে হিমশিম খায়। ফায়ার সার্ভিসের সাথে স্থানীয়রাও উদ্ধার কাজে যোগ দেয়।
আহতদের হাসপাতালে নিতে ছুটে আসে কয়েকটি অ্যাম্বুলেন্স। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় দেশটির সরকার গভীর শোক প্রকাশ করে বলেছে, যে মেধাবী ক্রীড়াবিদরা এই দুর্ঘটনায় মারা গেছেন তারা ছিলেন দেশের সম্পদ। এই ক্ষতি কোনোদিন পূরণ হবার নয়।
