নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রাইভেটকার ও কার্ভাডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ডাক্তার নুরুজ্জামান খোকন (৫০) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের চনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নুরুজ্জামান নরসিংদী জেলার শান্তিবাওনা এলাকার মৃত আহম্মদ আলী ছেলে। তিনি টাঙ্গাইল সদর হাসপাতালে অর্থোপেটিক্স সার্জন হিসেবে কর্মরত ছিলেন।
কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহত নুরুজ্জামান শুক্রবার রাতে নরসিংদীর মাধবদী থেকে প্রাইভেটকারে করে টাঙ্গাইল যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার চনপাড়া এলাকায় পৌঁছালে তার প্রাইভেটকারের সাথে একটি কার্ভাডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ডাক্তার নুরুজ্জামান।
তিনি আরো জানান, ডাক্তার নুরুজ্জামানের লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। নুরুজ্জামান বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ড্যাব এর কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। তাছাড়াও তিনি সলিম উল্লাহ মেডিক্যাল কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও রোটারী ক্লাব সলিম উল্লাহ কলেজের সেক্রেটারি ছিলেন।
বর্তমানে তিনি ড্যাব নিটোর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন । তার মৃত্যুতে তার নিজ এলাকায় নরসিংদীতে শোকের ছায়া নেমে এসেছে।
